মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ১০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদক কারবারি সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ডাকাতি মামলার দুই আসামি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এক পলাতক আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (৪ নভেম্বর) ও বৃহস্পতিবার পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের বাগড়া ঈদগাহ সংলগ্ন মোরশেদ মিয়ার বাড়ির উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৪ কেজি গাঁজাসহ তাসলিমা আক্তার কুলসুম (৪২) ও রোকসানা (৩২) নামে দুই নারীকে গ্রেফতার করা হয়।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় এসআই সুজন কুমার আচার্যের নেতৃত্বে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল স্কাফ সিরাপসহ মো. মোরশেদ আলম (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই আসামি মো. ফারুক প্রকাশ জজ (৩৫) ও হুমায়ুন কবিরকে (২৬) আটক করা হয়। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া বৃহস্পতিবার এসআই আল-আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ)/৩০ ধারার মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. মনির হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।