গুরুত্বপূর্ণ সংবাদ আড়ালে, ভাইরাল খবরেই ব্যস্ত গণমাধ্যম—সত্য প্রকাশের দায়িত্ব কি ভুলে যাচ্ছে সংবাদমাধ্যম?
মতামত | মোহাম্মদ মাহামুদুল
বর্তমান সময়ে ভাইরাল হওয়ার প্রবণতা সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রকে গ্রাস করেছে। চলচ্চিত্রজগৎও এর বাইরে নয়। তারকাদের অভিনয়, সৃজনশীলতা ও নতুন কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, বিতর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড অনেক সময় বেশি গুরুত্ব পাচ্ছে। একই প্রবণতা দেখা যাচ্ছে গণমাধ্যমের একটি অংশের সংবাদ পরিবেশনেও।
অভিনেতা-অভিনেত্রীরা জনপ্রিয়তা চাইবেন, আলোচনায় থাকবেন—এটাই স্বাভাবিক। তবে একজন শিল্পীর প্রকৃত পরিচয় তাঁর অভিনয় ও সৃষ্টিশীলতায়। একটি চরিত্রের মাধ্যমে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়াই একজন অভিনেতার বড় সার্থকতা। অথচ দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিতর্কই হয়ে উঠছে আলোচনার প্রধান বিষয়।
এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, গণমাধ্যম কি তার মূল দায়িত্ব থেকে ক্রমেই সরে যাচ্ছে?
দেশে প্রতিনিয়ত রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, অপরাধ, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিকের অধিকার এবং সাধারণ মানুষের নানা বঞ্চনার ঘটনা ঘটছে। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এসব অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের একটি অংশ গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদকে আড়ালে রেখে তারকাদের ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, পাল্টাপাল্টি বক্তব্য ও বিতর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে।
ফলে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের নজরের বাইরে থেকে যাচ্ছে। জায়গা করে নিচ্ছে ভাইরাল হওয়ার উপযোগী নানা বিষয়।
সাংবাদিকতা কি শুধুই ভিউ, ক্লিক ও শেয়ার বাড়ানোর প্রতিযোগিতা? নাকি সমাজের অসংগতি তুলে ধরা, সত্য প্রকাশ করা এবং ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনাই এর মূল লক্ষ্য?
একজন সাংবাদিকের দায়িত্ব শুধু আলোচিত বিষয় প্রচার করা নয়; বরং যে বিষয় মানুষের জীবন, অধিকার ও ভবিষ্যতের সঙ্গে জড়িত, সেগুলোও সামনে নিয়ে আসা। সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা ও নৈতিকতাও সমান গুরুত্বপূর্ণ।
আমি চলচ্চিত্রপ্রেমী মানুষ। পরীমনিকে নিয়েও একসময় আমার অনেক প্রত্যাশা ছিল। তাঁর অভিনয়জীবনের সম্ভাবনা বিবেচনা করে একাধিক সিনেমার খবর নিয়ে পুরো এক পাতা সাজানোর নির্দেশও দিয়েছিলাম। চেয়েছিলাম, তিনি অভিনয় দিয়ে নিজের অবস্থান তৈরি করবেন। দর্শক তাঁকে মনে রাখবেন তাঁর প্রতিভা ও চলচ্চিত্রের জন্য।
কিন্তু সময়ের সঙ্গে সেই প্রত্যাশার জায়গায় কিছুটা হতাশা তৈরি হয়েছে। একজন শিল্পীর কাছে প্রত্যাশা থাকে, তিনি তাঁর কাজ দিয়ে দর্শককে মুগ্ধ করবেন। বিতর্ক নয়, অভিনয়ই হবে তাঁর পরিচয়ের প্রধান ভিত্তি।
একইভাবে গণমাধ্যমের কাছেও মানুষের প্রত্যাশা সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা। তারকাদের সংবাদ প্রকাশে আপত্তি নেই, তবে তার আড়ালে যেন জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংবাদ হারিয়ে না যায়।
মনে রাখতে হবে, ভাইরাল সংবাদ কয়েক দিনের আলোচনার জন্ম দিতে পারে, কিন্তু দায়িত্বশীল সাংবাদিকতা দীর্ঘদিন মানুষের আস্থা ধরে রাখে।
শিল্পী তাঁর শিল্পকে অবহেলা করলে ক্ষতিগ্রস্ত হয় সংস্কৃতি, আর সাংবাদিক তাঁর দায়িত্ব ভুলে গেলে ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র।
শিল্পীর পরিচয় তাঁর শিল্পে, সাংবাদিকের পরিচয় সত্য প্রকাশে। ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নয়, গণমানুষের কথা বলাই হোক গণমাধ্যমের প্রধান অঙ্গীকার।
কিন্তু হায়! এই পরী যে নকল ডানার পরী, কেইবা জানত!