মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে এবং শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও শাহজাদপুরের সংসদ সদস্য ড. এম এ মুহিত।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের অগ্রগতি, গণতন্ত্র ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দল-মতনির্বিশেষে সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো আধিপত্যবাদী শক্তি যেন এ দেশের মানুষের বাক্স্বাধীনতা হরণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ লক্ষ্যে তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণকে ৭ নভেম্বরের ঐক্য ও সংহতির চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্য বক্তারাও ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলোর সঠিক প্রেক্ষাপট তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। এর আগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।