মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি:

সুন্দরবনের করমজল বনাঞ্চল থেকে শিকারিদের পেতে রাখা ফাঁদ থেকে একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধারকৃত হরিণটিকে পরবর্তীতে সুন্দরবনের নন্দবালার শিয়ালা খাল এলাকায় অবমুক্ত করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী মোঃ মোস্তাকিম বিল্লাহ জানান, অদ্য (৮ সেপ্টেম্বর) দুপুর ০১:১৫ সময় করমজল অফিস এলাকার চারাখালী ভারানী খালের বনাঞ্চলে একটি পুরুষ হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের একটি চৌকস দল ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকারীরা ফাঁদে বন্দি থাকা হরিণটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তবে অভিযানের টের পেয়ে শিকারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উদ্ধারকৃত পুরুষ হরিণটিকে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে আজ দুপুর ৩:০০ ঘটিকার সময় সুন্দরবনের নন্দবালা অফিস এলাকার শিয়ালা খালের বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

চাঁদপাই স্টেশন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান জানান, সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সর্বদা তৎপর রয়েছে। শিকারিদের তৎপরতা বন্ধে এবং বনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।