নুরুজ্জামান শেখ, টংগী, গাজীপুর।
বরিশালের উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়রুল আলম সুমন খান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন খায়রুল আলম সুমন খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বর্তমানে তিনি বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের শৃঙ্খলাবিষয়ক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর জেলার কার্যকরী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তারুণ্যের দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
খায়রুল আলম সুমন খান বলেন, সাতলা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়াই তাঁর মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি ইউনিয়নে শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করবেন।
তিনি আরও জানান, সাতলা ইউনিয়নের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া তাঁর অন্যতম অগ্রাধিকার।
তিনি বিশ্বাস করেন, দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন পেলে সাতলা ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।
সর্বোপরি, তাঁর প্রত্যাশা সাতলা ইউনিয়ন হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ জনপদ। যেখানে প্রতিষ্ঠিত হবে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও উন্নয়নের পরিবেশ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।