মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল কাদের মিঠু (৫০) এবং গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর থানা পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শাহজাদপুর থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।