মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তুলতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহযোগিতা চেয়েছে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

সভায় কমিটির সদস্য হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। এ ছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান) সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিগত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫৫টি শূন্যপদ পূরণের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রথম শ্রেণির ১৫টি ও দ্বিতীয় শ্রেণির একটি পদসহ সরাসরি নিয়োগযোগ্য মোট ১৬টি শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিধিমালা, ১৯৯৪ যুগোপযোগী করার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংসদ সচিবালয়ের আদলে একটি আধুনিক, পেশাদার ও দক্ষতাভিত্তিক জনবল কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।

সভায় ভবিষ্যৎ চাহিদা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সংসদীয় কার্যক্রমের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনায় নিয়ে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি জনবল কাঠামো প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ইউএনডিপির কারিগরি সহযোগিতায় প্রস্তাবিত জনবল কাঠামোর একটি প্রাথমিক রূপরেখা তৈরির অনুরোধ জানানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ রূপরেখা তৈরি করে সংসদ সচিবালয়কে সরবরাহ করার জন্য ইউএনডিপির প্রতিনিধিদের প্রতি আহ্বান জানায় কমিটি।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।