নিজস্ব প্রতিবেদক

দেশে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোর জন্য স্থায়ী স্বীকৃতির ব্যবস্থা চালু এবং নতুন সংবাদমাধ্যমের নিবন্ধনপ্রক্রিয়া সহজ করার বিষয়টি বিবেচনা করছে সরকার। একই সঙ্গে অনিবন্ধিত নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ এবং অপতথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনলাইন এডিটরস ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

মন্ত্রী বলেন, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোকে একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনার দাবি যৌক্তিক। নিবন্ধনের পর সংবাদমাধ্যমগুলোর স্বীকৃতি ও অবস্থান স্থায়ী হওয়া প্রয়োজন। পাশাপাশি যারা নতুন করে নিবন্ধন করতে আগ্রহী, তাদের জন্য প্রক্রিয়াটি সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার বিষয়েও সরকার কাজ করছে।

তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন কার্যকর থাকলে দেশে প্রকৃত সংবাদমাধ্যমের সংখ্যা, তাদের কার্যক্রম এবং পরিচিতি সম্পর্কে সরকারের কাছে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হবে। এতে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি পেশাদার ও দায়িত্বশীল গণমাধ্যমকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া সহজ হবে।

ভুয়া সংবাদ ও অপতথ্য প্রচারের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়, বরং বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ। ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবসায়িক কাঠামো মূলত ব্যবহারকারী, কনটেন্ট ও বিজ্ঞাপননির্ভর। এ কারণে এসব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া সব ধরনের মিথ্যা ও ক্ষতিকর তথ্য তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।

ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আইন তৈরির ক্ষেত্রে সাংবাদিক, সম্পাদকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। অতীতের অভিজ্ঞতার কারণে আইনকে সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের উপায় হিসেবে ব্যবহারের আশঙ্কা রয়েছে। তবে সরকারের উদ্দেশ্য সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করা নয়; বরং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সুরক্ষিত রাখা এবং অপতথ্যের বিস্তার রোধ করা।

সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে পার্থ বলেন, পাঠক ও দর্শক একটি সংবাদমাধ্যমের ওপর আস্থা রাখেন তার বস্তুনিষ্ঠতা ও গ্রহণযোগ্যতার কারণে। বিবিসিসহ প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোর গ্রহণযোগ্যতার মূল ভিত্তিও এই বিশ্বাসযোগ্যতা। তাই সাংবাদিকদের পেশাগত মান ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে অনিবন্ধিত নিউজ পোর্টালের কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, গালিগালাজ এবং মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ন্ত্রণের বিষয়গুলোও আলোচনায় আসে।

একাধিক গণমাধ্যমের মালিকানা নিয়ে নীতিমালা পর্যালোচনা

এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বিষয়টি সরকার পর্যালোচনা করছে। গণমাধ্যমের স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি বজায় রাখতে মালিকানার ক্ষেত্রে কী ধরনের নীতিমালা প্রয়োজন, তা নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, অতীতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের রাজনৈতিক ও আর্থিক স্বার্থে গণমাধ্যমকে ব্যবহারের চেষ্টা করেছেন। তবে এ কারণে সব গণমাধ্যম কিংবা সাংবাদিককে একই দৃষ্টিতে দেখা উচিত নয়। অনেক সাংবাদিক প্রতিকূল পরিস্থিতি, ভয়ভীতি ও চাপের মধ্যেও পেশাগত দায়িত্ব পালন করেছেন।

গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সরকারের প্রত্যাশা, সংবাদমাধ্যম জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।

জুলাইয়ের চেতনা সমুন্নত রাখা এবং অতীতের স্বৈরাচারী শাসনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করার ওপরও গুরুত্ব দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা জরুরি। একই সঙ্গে সরকারের ভুলত্রুটি ও সীমাবদ্ধতাও গণমাধ্যমের নিরপেক্ষভাবে তুলে ধরা উচিত।