ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি ১ জন, এজাহারনামীয় ৬ নম্বর পলাতক আসামি ১ জন এবং দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত মামলার আসামি ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য আরও ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ব্রাহ্মণপাড়া থানার এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল ইসলাম নয়নকে (৪৭) দক্ষিণ চান্দলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপর একটি অভিযানে এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণপাড়া থানার একটি মামলার এজাহারনামীয় ৬ নম্বর পলাতক আসামি রবিনকে (২০) নাল্লা এলাকা থেকে গ্রেফতার করে।
এদিকে, এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. তরিফুল ইসলাম ডালিমকে রামচন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অন্যদিকে, এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অপরাধে চারজনকে আটক করা হয়। তারা হলেন—মো. মনির হোসেন (৩০), মো. রফিকুল ইসলাম (৪৫), মো. সৌরভ (২৭) ও মো. সাইফুল ইসলাম (২৬)। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।