মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

আনন্দ-উৎসব, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে ঐতিহ্যবাহী শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনসহ আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধন শেষে অতিথি ও সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে একটি আনন্দঘন র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডসংলগ্ন পিপিডি কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত।

ফোরামের সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন ও দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা প্রমুখ।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম আরিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফারুক, ক্রীড়া সংস্থার সদস্যসচিব কে এম রুবেল খন্দকার এবং দেশবরেণ্য ইসলামী বক্তা মাওলানা রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্যও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেন, শাহজাদপুর সাংবাদিক ফোরাম ইতিমধ্যেই একটি আদর্শ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। সংগঠনটির ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে আমি সব সময় সম্পৃক্ত থাকব। পাশাপাশি শাহজাদপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিক ফোরামের সহযোগিতা প্রত্যাশা করছি।

আলোচনা সভা শেষে অতিথি ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।