মোঃ শাহজাহান বাশার

‎ঝিনাইদহে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর বিশ্বাসপাড়ায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
‎
‎আটক ব্যক্তিরা হলেন, শৈলকুপা উপজেলার ফাজিলপুর গ্রামের লালটু মুন্সির ছেলে রাজিব হোসাইন ও রেশমা খাতুন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই-তিন দিন ধরে তারা ঝিনাইদহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে ৩০০ থেকে ৫০০ টাকা করে আদায় এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিলেন বলে অভিযোগ ওঠে।
‎
‎মঙ্গলবার সকালে তথ্য সংগ্রহের সময় স্থানীয় এক ব্যক্তি তাদের কাছে জানতে চান, তারা কোন সংস্থার পক্ষ থেকে কার্ডের তথ্য সংগ্রহ করছেন। এ সময় তারা সংশ্লিষ্ট সংস্থার পরিচয় ও কার্যক্রম সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে পারেননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একপর্যায়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করার অভিযোগও ওঠে।
‎
‎পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের অবহিত করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে খবর দেওয়া হলে তাদের সহযোগিতায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়।
‎
‎ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
‎
‎তিনি বলেন, সরকারি কোনো কার্ড দেওয়ার নাম করে কেউ টাকা চাইলে কাউকে টাকা দেওয়া উচিত নয়।
‎
‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি কার্ড দেওয়ার নামে কেউ টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।