জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে গৃহবধূর মরদেহের ময়নাতদন্তকে কেন্দ্র করে নানা অজুহাতে স্বজনদের কাছ থেকে প্রায় ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। মরদেহ সংরক্ষণ, ময়নাতদন্ত, গোসল ও আনুষঙ্গিক সামগ্রীর কথা বলে দফায় দফায় এই টাকা নেওয়া হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। এমনকি টাকা না দিলে ময়নাতদন্ত করা হবে না বলেও স্বজনদের জানানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম শিমু বেগম (৪৫)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামের আলম পীরের স্ত্রী।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে সাগর খন্দকার (২৫) নামে এক যুবক ধারালো দা দিয়ে শিমু বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। সেখানে মরদেহ সংরক্ষণ ও ময়নাতদন্তের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ করেন স্বজনেরা। এ-সংক্রান্ত টাকা লেনদেনের একটি ভিডিও আরটিভির হাতে এসেছে বলে জানা গেছে।
নিহতের মেয়ের জামাই মোহাম্মদ সালেহ আকরাম অভিযোগ করেন, মরদেহ মর্গে নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তা ফ্রিজে সংরক্ষণ করা হয়নি। চিকিৎসকেরও দেখা পাওয়া যায়নি। এর মধ্যে বিভিন্ন অজুহাতে তাঁদের কাছে বারবার টাকা চাওয়া হয়। আগের দিন সাড়ে ৬ হাজার টাকা এবং পরদিন আরও ৫ হাজার টাকা দেওয়ার পরও নতুন করে অর্থ দাবি করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, মর্গে মরদেহ কাটার কাজে সহযোগী হিসেবে নিয়োজিত মিন্টু নামের এক ব্যক্তিকে মদ্যপানের জন্য ২ হাজার টাকা দিতে হয়েছে। এ ছাড়া মরদেহের আনুষঙ্গিক সামগ্রী কেনার কথা বলে আরও ২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়।
সালেহ আকরামের দাবি, অ্যাম্বুলেন্স, ড্রাম, মরদেহ গোসল করানো, সাবান, কাপড়, ব্যাগ ও পলিথিনসহ বিভিন্ন সামগ্রীর কথা বলে তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। এমনকি ১০ টাকার পলিথিনের জন্য ৫০ টাকা দাবি করার অভিযোগও করেন তিনি। সব মিলিয়ে তাঁদের প্রায় ১৬ হাজার টাকা দিতে হয়েছে।
এ ঘটনায় মর্গে মরদেহ কাটার কাজে নিয়োজিত জিতেন্দ্র নামের এক ব্যক্তির বিরুদ্ধেও অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন স্বজনেরা। তাঁদের দাবি, টাকা না দিলে ময়নাতদন্ত করা হবে না—এমন কথাও বলা হয়েছিল। টাকা লেনদেনের দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে বলেও জানা গেছে। সম্পূর্ণ টাকা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রে স্বজনদের স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ তাঁদের।
অন্যদিকে, মরদেহ কাটার কাজে সহযোগী মিন্টু ২ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, তাঁকে কোনো বেতন দেওয়া হয় না। এ কারণে তিনি ওই টাকা নিয়েছেন।
তবে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জিতেন্দ্র। তিনি বলেন, “আমি কোনো টাকা-পয়সা নিইনি। আপনি আমাকে প্রমাণ দেন। লাশের স্বজনদের সঙ্গে কথা বলেন।”
এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। মর্গে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। টাকা নেওয়ার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ময়নাতদন্তের মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে এমন অর্থ আদায়ের অভিযোগে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মর্গের সেবাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।