মোঃ শাহজাহান বাশার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এসব মামলা করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৫৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি বাস, ৯টি কাভার্ড ভ্যান, ২৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৭টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১০টি বাস, চারটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২২টি মোটরসাইকেল রয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১২টি বাস ও ২৪৫টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৮২টি মামলা হয়েছে। এর মধ্যে ৫৭টি বাস, ৪৩টি ট্রাক, ৫৫টি কাভার্ড ভ্যান, ১১৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮৫টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৮টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৪টি বাস, তিনটি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১১টি মোটরসাইকেল রয়েছে।

এ ছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ৮২০টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৭৩৬টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৯৯৭টি মামলা করা হয়েছে। গুলশান বিভাগে ৫২টি বাস, ২৩টি ট্রাক, ৪৭টি কাভার্ড ভ্যান, ১৩৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযান চলাকালে ৭৯০টি যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হয়েছে এবং আরও ৮৫১টি যানবাহন রেকার দিয়ে অপসারণ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে ট্রাফিক আইন যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।