গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ। শত শত নেতাকর্মী এবং ২৫টির অধিক গাড়ির বহর নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে শত শত নেতাকর্মী নিয়ে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ গেইট থেকে মিছিল শুরু করেন অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় তার সঙ্গে ময়নামতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুর্দিনে রাজপথে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে হয়রানি ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। তারপরও দলের সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো দূরে সরে যাননি।

তিনি আরও বলেন, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। ময়নামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।