মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড জরিপ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে এ কাজের শুভ উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।

এ সময় উপস্থিত ছিলেন আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ রাজু মাস্টার, সাধারণ সম্পাদক , মোঃ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ লিটন, ১নং সদস্য সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আমিন নওসাদ, ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জুয়েল হোসেনসহ এলাকার সুধীজন, ফ্যামিলি কার্ড জরিপে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুল ইসলাম ডালিম বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি উল্লেখযোগ্য এজেন্ডা। সমাজের যারা প্রকৃতপক্ষে কার্ড পাওয়ার যোগ্য, তারাই যেন পায় সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। এই কর্মসূচি যেন সঠিকভাবে পরিচালিত হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই যেন এ কাজে অনিয়ম প্রবেশ করতে না পারে।

এ সময় আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা বলেন, আগামী দিনে উপজেলা এবং ইউপি নির্বাচনে আমাদের বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ফ্যামিলি কার্ডের পূর্ণাঙ্গ আওতায় নিয়ে আসতে পারবো এবং জনগণের জন্য আরও উন্নয়নমূলক কাজ করতে পারবো।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড জরিপ নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকলে অবশ্যই সামনে এসে আমাদেরকে বলতে পারেন। আমরা আপনাদের অভিযোগ শুনে সমাধান করার চেষ্টা করব। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।