ঢাকাTuesday , 7 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাবার পথ অনুসরণ করে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News Admin
July 7, 2026 5:48 am
Link Copied!

৫৪

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণে প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের উদ্দেশে বলেন, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়মিত নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন। সেই আদর্শ অনুসরণ করে তিনিও বর্তমানে প্রতি মাসে নিজের মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা থেকে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। একই সঙ্গে সামর্থ্যবান মন্ত্রিপরিষদ সদস্যদেরও বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে অতিমাত্রায় মুনাফাকেন্দ্রিক প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, কিছু অসাধু দালালচক্র ও চিকিৎসাকেন্দ্র রোগীর স্বজনদের ভয়ভীতি দেখিয়ে সিজারিয়ান অপারেশনে উৎসাহিত করছে।

মাতৃস্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, চলতি বছর স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ পাবেন এবং তাদের একটি বড় অংশ মিডওয়াইফ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সময় দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে লেবার রুম স্থাপনের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুন, সাধারণ সম্পাদক হাসনা আখতার, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতারসহ স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।