মোহাম্মদ হোসাইন, টেকনাফ ( কক্সবাজার):
টেকনাফ উপজেলার আলোকিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, পরোপকারী, শিক্ষাবিদ, লেখক ও পাঠাগার আন্দোলনের অগ্রদূত মাওলানা মুহাম্মদ আলম মাহমুদ (রহ.)-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন ও স্মারকগ্রন্থ ‘আদরের আলম ভাই’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে মরহুমের নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা হাফেজ ইউসুফের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ হোসাইন, জমিরিয়া দারুল কুরআন সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির আহমদ এবং মাওলানা জামাল হোসাইন।
এ ছাড়া মরহুমকে নিয়ে নিজের লেখা ‘আদরের আলম ভাই’ গ্রন্থের ওপর আলোচনা করেন বইটির রচয়িতা, ৫৫টি গ্রন্থের জনক, শিক্ষক ও নাট্যকার কবি এম. এরশাদুর রহমান। পরে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাফেজ মুহাম্মদ রাশেদ, হাফেজ মুহাম্মদ নুর উল্লাহ, হাফেজ আব্দুর রহিম, হাফেজ রুহুল আমিন, হাফেজ মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ জুবায়ের, মুহাম্মদ নুরুল আমিন, হাফেজ মুহাম্মদ হামিম, মুহাম্মদ কাওছার, হাফেজ মুহাম্মদ ইমরান ও হাফেজ মুহাম্মদ আরিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা।
বক্তারা বলেন, মাওলানা মুহাম্মদ আলম মাহমুদ (রহ.) ছিলেন টেকনাফ উপজেলার একজন আলোকিত, সৃজনশীল ও বহুমাত্রিক গুণের অধিকারী মানুষ। তিনি ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর কাছে সবাই সমান ভালোবাসা ও আন্তরিকতা পেতেন। সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতেন এবং অসহায়দের সহযোগিতা করতেন। তাঁর মতো একজন পরোপকারী ও মানবিক মানুষকে হারিয়ে টেকনাফবাসী তাঁদের অত্যন্ত প্রিয় একজন মানুষকে হারিয়েছেন। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
বক্তারা আরও বলেন, মরহুমের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘আদরের আলম ভাই’ গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর স্মৃতি ও অবদান আগামী প্রজন্মের মাঝে বেঁচে থাকবে।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলভীবাজার দীঘিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বশির আহমদ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মরহুমের ছোট ভাই কামরুল আলম।

