ঢাকাWednesday , 1 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় জাদুঘরে কবি আল মুজাহিদী ও ড. আবু হেনা আবিদ জাফরের স্মরণে সসাস-এর শ্রদ্ধাঞ্জলি

News Admin
July 1, 2026 7:57 am
Link Copied!

৪৬

নিজস্ব প্রতিবেদক, ই.ক.ম.জে.ডি. উজ্জ্বল

 

সমকালীন বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই উজ্জ্বল ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত কবি মরহুম আল মুজাহিদী এবং বিশিষ্ট নাট্যগবেষক মরহুম ড. আবু হেনা আবিদ জাফরের স্মরণে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ এবং নৈতিকতাসমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গবেষক, সুধীজন এবং মরহুমদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তাঁদের বর্ণাঢ্য কর্মজীবন, সাহিত্যচর্চা, গবেষণা ও সাংস্কৃতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, “মরহুম আল মুজাহিদী ও ড. আবু হেনা আবিদ জাফর ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির আলোকবর্তিকা। তাঁদের সৃজনশীল কর্ম, মানবিক মূল্যবোধ এবং নৈতিক আদর্শ আগামী প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে। একটি জাতির সাংস্কৃতিক বিকাশে তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, “কবি আল মুজাহিদী ও ড. আবু হেনা আবিদ জাফর কেবল সাহিত্যিক বা গবেষক ছিলেন না; তাঁরা ছিলেন সমাজ পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা। তাঁদের কবিতা, গবেষণা ও চিন্তাধারায় এ দেশের মাটি, মানুষ, ইতিহাস এবং ন্যায়বোধের শক্তিশালী প্রতিফলন ঘটেছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এবং মানবিক সমাজ বিনির্মাণের প্রেরণা তাঁদের কর্মে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তোফাজ্জল হোসাইন খান, জাকির আবু জাফর, শরীফ বায়েজিদ মাহমুদ, ড. মোস্তফা মনোয়ারসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন। তাঁরা বলেন, মরহুম দুই গুণীজনের সাহিত্য, গবেষণা ও সাংস্কৃতিক দর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি। তাঁদের আদর্শ ও কর্ম সমাজে নৈতিকতা, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে মরহুমদের জীবনাদর্শ ও সাহিত্যকর্ম ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। তাঁদের সৃষ্টিশীল অবদান কেবল বাংলা সাহিত্য ও নাট্যগবেষণার সম্পদ নয়, বরং জাতির সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।

 

অনুষ্ঠানে মরহুম কবি আল মুজাহিদী ও ড. আবু হেনা আবিদ জাফরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই গুণীজনের স্মৃতি সংরক্ষণে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর নির্বাহী পরিচালক এইচ. এম. আবু মুসার সভাপতিত্বে এবং সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মরহুম দুই গুণীজনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

 

অনুষ্ঠানজুড়ে মরহুম কবি আল মুজাহিদী ও ড. আবু হেনা আবিদ জাফরের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ, তাঁদের সাহিত্য ও গবেষণাকর্মের মূল্যায়ন এবং সুস্থ সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।