ঢাকাSaturday , 25 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য, দেখলেন নিহত শিশু তারই সন্তান

News Admin
July 25, 2026 5:47 am
Link Copied!

৬৪

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে গিয়ে নিজের সন্তানের রক্তাক্ত নিথর দেহ দেখতে হলো এক পুলিশ সদস্যকে। দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের সবচেয়ে মর্মান্তিক মুহূর্তের মুখোমুখি হন কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হক। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার, সহপাঠী, শিক্ষক, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায়। নিহত মোহাম্মদ তুহিন গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

‎জানা গেছে, প্রতিদিনের মতো সকালে টহল দলের সঙ্গে দায়িত্ব পালনে বেরিয়েছিলেন পুলিশ সদস্য শামসুল হক। এ সময় সঙ্গে থাকা এক পুলিশ সদস্যের মোবাইল ফোনে খবর আসে, জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। খবর পাওয়ার পর সময় নষ্ট না করে টহল দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা দেখতে পান, রাস্তায় একটি শিশুর নিথর দেহ পড়ে আছে। পাশে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে তার প্রিয় সাইকেল। দীর্ঘ চাকরি জীবনে দায়িত্ব পালন করতে গিয়ে বহু দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা কাছ থেকে দেখেছেন শামসুল হক। প্রথমে এটিকেও তিনি অন্য সাধারণ দুর্ঘটনার মতোই ভেবেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন, রাস্তায় পড়ে থাকা শিশুটি আর কেউ নয়, তার নিজের সন্তান মোহাম্মদ তুহিন।

‎সন্তানের রক্তাক্ত নিথর দেহ দেখে শামসুল হক কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলের সেই হৃদয়বিদারক দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। দায়িত্ব পালন করতে গিয়ে একজন বাবার এমন নির্মম বাস্তবতার মুখোমুখি হওয়ার ঘটনা এলাকায় গভীর বেদনার সৃষ্টি করেছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তানিয়া নাজনীন জানান, সকালে থানায় একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জানানো হয়, জনতা স্কুল রোড এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তবে তখন নিহত শিশুটির পরিচয় জানা যায়নি। খবর পাওয়ার পর থানার একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়। সেই টহল দলে গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য শামসুল হক। ঘটনাস্থলে পৌঁছেই তিনি জানতে পারেন নিহত শিশুটি তারই ছেলে।

‎পরিবার সূত্রে জানা গেছে, তুহিনদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। তবে পরিবারের সঙ্গে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় থাকত সে। শুক্রবার স্কুল বন্ধ থাকায় সকালে বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় ঘুরতে বের হয়। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় তুহিনের পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সন্তানের মরদেহ উদ্ধারের মতো নির্মম অভিজ্ঞতা পুলিশ সদস্য শামসুল হকের জীবনে এক অসহনীয় অধ্যায় হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।