ঢাকাTuesday , 14 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, গাজীপুর-ঢাকা সড়কে তীব্র যানজট

News Admin
July 14, 2026 11:26 am
Link Copied!

৩৮

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় গাজীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে মহাসড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এর প্রভাবে গাজীপুর-ঢাকা রুটজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট এবং চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল থেকেই উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান নেন। পরে তারা বিএনএস সেন্টারের সামনে গাজীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করলে রাজধানীর সঙ্গে গাজীপুরের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে ঢাকামুখী ও গাজীপুরমুখী দূরপাল্লার বাস, গণপরিবহন, ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে।

অবরোধের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুর শহরসহ আশপাশের এলাকায় এর ব্যাপক প্রভাব পড়ে। অফিসগামী, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে দেখা যায়। যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনও।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়। যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “শিক্ষার্থীরা তাদের দাবিতে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে। পুলিশ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।”

প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলমান ছিল। ফলে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজট অব্যাহত থাকে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।