ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন কার্যক্রমের উদ্বোধন

News Admin
July 29, 2026 8:52 am
Link Copied!

৭৫

নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানায় মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক, দ্রুত ও স্বচ্ছ করতে ‘জব কার্ড অটোমেশন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে সুশাসন ও কার্যকর প্রশাসন নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির বিকল্প নেই। তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থা সেবার গুণগত মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কাজের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম। তিনি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান ডিজিটাল রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রশাসনিক সেবাকে ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিভিশনের কারিগরি সহযোগিতায় বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে, যা সেবা প্রদানের প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার, বিজ্ঞান কারখানার ইনচার্জ অধ্যাপক ড. জুলফিকার হাসান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই অটোমেশন ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান কারখানায় পরিচালিত সব ধরনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য অনলাইনে জব কার্ড তৈরি, অনুমোদন, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং কাজ সম্পন্নের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল, দপ্তর ও কেন্দ্র থেকে অনলাইনে সহজেই মেরামত সংক্রান্ত আবেদন দাখিল করা সম্ভব হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আবেদনকারীরা তাৎক্ষণিকভাবে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, সময় সাশ্রয় এবং সম্পদের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত হবে। পাশাপাশি সেবার মান উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান কারখানায় চালু হওয়া জব কার্ড অটোমেশন ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল, বিভাগ, ইনস্টিটিউট, অফিস ও কেন্দ্রেও পর্যায়ক্রমে একই ধরনের অটোমেশন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সেবাকে আরও দক্ষ, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তোলার উদ্যোগ আরও বেগবান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।