ঢাকাThursday , 20 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

News Admin
August 20, 2026 4:21 am
Link Copied!

৬১

মোঃ শাহজাহান বাশার,ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডে দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক সন্তুষ্ট বলে জানিয়েছে ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেডের এক জনমত জরিপ। তবে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা থাকলেও সরকারের সামগ্রিক কার্যক্রম, দেশের গতিপথ এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেসরকারি প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের অর্থায়ন ও সহায়তায় পরিচালিত ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে অংশ নেওয়া ৬৬ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক বলেছেন, প্রধানমন্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করছেন। বিপরীতে ২১ দশমিক ৬ শতাংশ মানুষ তার কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। আর ১২ দশমিক ১ শতাংশ কোনো মতামত দেননি বা উত্তর দিতে চাননি।

ডপলার রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতি জনসমর্থন থাকলেও সরকারের সামগ্রিক কার্যক্রম এবং দেশের বর্তমান গতিপথ নিয়ে মানুষের মধ্যে কিছুটা ভিন্নমত রয়েছে। এ কারণে জরিপের ফলাফলকে প্রতিষ্ঠানটি ‘সতর্ক আশাবাদ’ হিসেবে উল্লেখ করেছে।

সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের বিষয়ে জরিপে ৫৪ দশমিক ৫ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন। বিপরীতে ৩২ দশমিক ৯ শতাংশ সরকারের কার্যক্রমকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। দেশের বর্তমান গতিপথ সম্পর্কে ৪৮ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করেন, বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। অন্যদিকে ৩৫ দশমিক ৬ শতাংশের মত, দেশ ভুল পথে যাচ্ছে। এ বিষয়ে ১৫ দশমিক ৮ শতাংশ কোনো মন্তব্য করেননি।

জরিপে বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়ভেদে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হারে বড় ধরনের পার্থক্য পাওয়া যায়নি। বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে এই সন্তুষ্টির হার ৬১ দশমিক ৭ শতাংশ থেকে ৭০ দশমিক ৩ শতাংশের মধ্যে ছিল। দেশের আটটি বিভাগেই প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হার ৬২ দশমিক ৩ শতাংশের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক সমর্থনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতার চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, জামায়াতে ইসলামীর সমর্থকদের ৬৫ দশমিক ৫ শতাংশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের ৬৫ দশমিক ৮ শতাংশ এবং আওয়ামী লীগের সমর্থকদের ৫২ দশমিক ৫ শতাংশ প্রধানমন্ত্রীকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তবে জনমতের ইতিবাচক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগও স্পষ্ট হয়েছে। জরিপে অংশ নেওয়া নাগরিকদের মধ্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, জ্বালানির মূল্য এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী ও সরকারের কাজের প্রতি ইতিবাচক মনোভাব থাকলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক চাপ সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে আছে।

ডপলার রিসার্চ জানিয়েছে, চলতি আগস্ট মাসে মাঠপর্যায়ে জরিপটি পরিচালনা করা হয়। এতে প্রাপ্তবয়স্ক নাগরিকদের একটি প্যানেলের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং মোট ১০ হাজার ৪১৩টি কল করা হয়েছে।

জরিপের ফলাফল সামগ্রিকভাবে ইঙ্গিত করছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে সরকারের তুলনায় কিছুটা বেশি জনসমর্থন উপভোগ করছেন। একই সঙ্গে অর্থনীতি, দ্রব্যমূল্য, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির মতো বাস্তব জীবনের বিষয়গুলো নিয়ে মানুষের উদ্বেগ রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর বর্তমান জনপ্রিয়তা ধরে রাখা এবং সরকারের প্রতি আস্থা আরও বাড়ানোর ক্ষেত্রে এসব সংকট মোকাবিলা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।