মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ-
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে কুমিল্লার মেঘনা উপজেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তার। এতে আরো উপস্থিত ছিলেন, মেঘনা থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইসহাক মিয়া, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনসহ স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ ধারণ করার সুযোগ করে দিতেই এ ধরনের আয়োজন।
এতে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন তুলে ধরা হয়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নজরুল বিষয়ক এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করবে।
উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কবি। তাঁর কবিতা ও গান মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস জুগিয়েছে। নজরুলের সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।
যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করতে হবে। নজরুলের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের পরিবেশনায় নজরুলের কালজয়ী গান ও কবিতায় শিল্পকলা একাডেমি চত্বর হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও দর্শনার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য, সংগীত, জীবন ও দর্শন সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানোই মূল লক্ষ্য।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন। নজরুলের কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

