রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুর উপজেলার লাঠিরখামার সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। কমিটি গঠনের ক্ষেত্রে জমিদাতা সদস্য, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীকে অবহিত না করে গোপনে পছন্দসই ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ করেছেন জমিদাতার সন্তান ও ওয়ারিশ আল-আমিন খন্দকার।
এ বিষয়ে গত ৩ আগস্ট উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের আবেদন করেন তিনি। অভিযোগের অনুলিপি কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছেও দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে আল-আমিন খন্দকার উল্লেখ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ করেননি। জমিদাতা সদস্য, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীকে অবহিত না করে গোপনীয়তার মাধ্যমে পছন্দসই ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তার।
অভিযোগকারী আরও দাবি করেন, এভাবে কমিটি গঠন করা হলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় বিষয়টি সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই, অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট কমিটি বাতিল এবং বিধি মোতাবেক স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই অভিযোগের সত্যতা ও কমিটি গঠনের প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

