মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার চুক্তিভিত্তিক ৯৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। বর্ষাকালে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরিচ্ছন্নতা কার্যক্রম সচল রাখা এবং কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব রেইনকোট বিতরণ করা হয়।
শাহজাদপুর উপজেলা পরিষদের তহবিল থেকে পৌরসভার চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের জন্য রেইনকোট সরবরাহ করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও শাহজাদপুর পৌরসভার প্রশাসক সাবরিনা শারমিন নিজ হাতে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে রেইনকোট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, হিসাবরক্ষক আনিসুর রহমান এবং ভান্ডার পরিদর্শক রাজু আহমেদসহ সংশ্লিষ্টরা।
রেইনকোট বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাবরিনা শারমিন বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা ছাড়া শাহজাদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কার্যক্রমের কোনো বিকল্প নেই। তাই এসব কর্মী যাতে নিরাপদে ও আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি।
তিনি আরও বলেন, বর্ষাকালে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করেন। তাদের কাজের পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই রেইনকোট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রেইনকোট পেয়ে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

