মোঃ শাহজাহান বাশার
মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর জীবনাদর্শের আলোকে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানিয়েছেন আওলাদে রাসূল (ﷺ), সাজ্জাদানশীন-এ দরবারে গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী।
তিনি বলেছেন, ঈদে মিলাদুন্নবী (ﷺ)-এর চেতনা মানুষে মানুষে ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে। মহানবী (ﷺ)-এর জীবন ও আদর্শ অনুসরণের মধ্য দিয়ে সমাজে ন্যায়, দয়া, সহনশীলতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।
শনিবার (১৫ আগস্ট ২০২৬; ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) চট্টগ্রামের পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে আয়োজিত ১২ দিনব্যাপী সালাওয়াতে রাসুল (ﷺ) মাহফিলের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহসুফী সৈয়দ মুহাম্মদ সিরাজুল মোস্তফা আমিরী।
প্রধান অতিথি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (ﷺ) সমগ্র মানবজাতির জন্য রহমত, ভালোবাসা, ন্যায়, দয়া ও সহমর্মিতার অনন্য আদর্শ নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর পবিত্র জীবনাদর্শ অনুসরণ করাই নবীপ্রেমের প্রকৃত দাবি।
তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপনের অন্যতম তাৎপর্য হলো মহানবী (ﷺ)-এর জীবন, চরিত্র ও মানবিক দর্শনকে স্মরণ করা এবং তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের অঙ্গীকার করা। রাসূলুল্লাহ (ﷺ) মানুষের মধ্যে বিভেদ নয়, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির শিক্ষা দিয়েছেন; বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা এবং প্রতিশোধের পরিবর্তে ক্ষমা ও সহমর্মিতার পথ দেখিয়েছেন।
শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, “মহানবী (ﷺ)-এর উদারনৈতিক ও মানবিক দর্শনের অন্যতম শিক্ষা হলো মানুষের মর্যাদা রক্ষা, অন্যের অধিকার স্বীকার এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। ধর্মীয় পরিচয়, মত বা পথের ভিন্নতার কারণে মানুষের প্রতি বিদ্বেষ নয়; বরং পারস্পরিক সম্মান, সহনশীলতা ও মানবিক আচরণই নবীজির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে হিংসা, বিদ্বেষ, বিভাজন ও সংঘাতের বিস্তার মোকাবিলায় মহানবী (ﷺ)-এর শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের শিক্ষা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ নির্মাণ সম্ভব।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহসুফী আলহাজ মাওলানা সৈয়দ ফখরুদ্দিন আমিরী, বোয়ালখালী শিবলী মঞ্জিল গাউছে হাওলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা শাহসুফী সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, বোয়ালখালী আহলা দরবার শরীফের শাহজাদা সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দিন রাসেল, চট্টগ্রাম চন্দনাইশ হাফেজনগর দরবার শরীফ গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আরিফুজ্জামান আমিরী এবং শাহজাদা সৈয়দ মুহাম্মদ মইনুদ্দিন আমিরী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর মুহাম্মাদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল-কাদেরী।
মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-আশেকান, মুরিদান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১২ দিনব্যাপী সালাওয়াতে রাসুল (ﷺ) মাহফিলের ধারাবাহিক আয়োজনকে কেন্দ্র করে আমির ভাণ্ডার দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি হযরত শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী আখেরি মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য, দেশ ও জাতির কল্যাণ, মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সমগ্র বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

