ঢাকাThursday , 20 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

তেজগাঁও কলেজ এমন একটি প্রতিষ্ঠান, যেখানে নেতৃত্ব তৈরি হয়: ড. মাহ্‌দী আমিন

News Admin
August 20, 2026 1:10 pm
Link Copied!

১১০

রাকিব হাসান, প্রতিনিধি

ঢাকা, ২০ আগস্ট ২০২৬: তেজগাঁও কলেজ এমন একটি প্রতিষ্ঠান, যেখানে নেতৃত্ব তৈরি হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের (টিসিডিসি) উদ্যোগে আয়োজিত ‘টিসিডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সকাল ৯টায় তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

ড. মাহ্‌দী আমিন বলেন, তেজগাঁও কলেজ একটি অত্যন্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করছেন এবং দেশকে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় পর্যায়েও তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব রয়েছে।

তিনি বলেন, তেজগাঁও কলেজ এমন একটি জায়গা, যেখানে নেতৃত্ব তৈরি হয়।”দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ গণতন্ত্রের বিভিন্ন আন্দোলনে তেজগাঁও কলেজের অনেক শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী অবদান রেখেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। সঠিক ও ন্যায্য বিষয়ের পক্ষে অবস্থান নিতে হবে এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ভবিষ্যতে শিক্ষার্থীরা জনগণের প্রতিনিধি হয়ে মানুষের কথা বলবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করে ড. মাহ্‌দী আমিন বলেন, যারা ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত, তারা ভবিষ্যতে নিজ নিজ জায়গা থেকে আরও ভালো অবস্থানে পৌঁছাবেন এবং জনগণের প্রতিনিধিত্ব করবেন।

তিনি আরও বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের যোগ্য ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে হবে, যাতে ভবিষ্যতে তারা কর্মসংস্থানের উপযোগী হতে পারেন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিতর্কের মাধ্যমে যুক্তি, সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণী দক্ষতা তৈরি হয়।

টিসিডিসির উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসব আয়োজনের প্রশংসা করে ড. মাহ্‌দী আমিন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার এবং হিতৈষী সদস্য মো. ফখরুল ইসলাম ভূঁইয়া রবিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।

বিতর্ক উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং বক্তব্য উপস্থাপনের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে ড. মাহ্‌দী আমিন তেজগাঁও কলেজের বিভিন্ন ভবন ও অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় তিনি কলেজের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। তেজগাঁও কলেজের ঐতিহ্য ও অগ্রযাত্রার প্রশংসা করে প্রতিষ্ঠানটির উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।