মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ীঘাট বণিক সমবায় সমিতি লিমিটেডের ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিটির আয়োজনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিটির সভাপতি ও শাহজাদপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো: রবিউল রানা নির্বাচন কার্যক্রম তদারকি করেন। ভোটগ্রহণ শেষে তিনি ভোট গণনা পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সমিতির মোট ১০টি নির্বাচনী পদের মধ্যে ৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপরদিকে সভাপতি পদে মো. আবদুল আলিম মন্ডল ও মো. আলতাফ সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মো. আবদুল আলিম মন্ডল ২১৮ ভোট এবং মো. আলতাফ সরকার ৩৩৫ ভোট পান। এছাড়া ৬টি ভোট বাতিল ঘোষণা করা হয়। ফলাফলে মো. আলতাফ সরকার সভাপতি নির্বাচিত হন।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন: সহ-সভাপতি এস এম তানভীর আহমেদ খান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সাইদুল ইসলাম, সদস্য মো. আনিছুর রহমান, সদস্য মো. আবুল সরকার, সদস্য মো. আলী আশরাফ এবং সদস্য মো. আলমগীর হোসেন।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: রবিউল রানা বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করা। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আশা করি, নবনির্বাচিত কমিটি সমিতির সকল সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।
তিনি আরও বলেন, নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাদের যেমন দায়িত্ব বেড়েছে, তেমনি যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরও সমিতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ রয়েছে।
মো: রবিউল রানা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় প্রার্থী, ভোটার, সমিতির সদস্য, নির্বাচন কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের সফলতা কামনা করেন।
নির্বাচনকে কেন্দ্র করে বাঘাবাড়ীঘাট বণিক সমবায় সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

