জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।
বুধবার বিকেলে উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং উদ্যোগটির জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবিজি ফাউন্ডেশনের প্রশংসা করেন এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শায়লা কবীর বলেন, “নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এবিজি ফাউন্ডেশন দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ ও অসহায় মানুষের পাশে নিয়মিতভাবে সহায়তা প্রদান করে আসছে।”
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা বলেন, নদীভাঙনের কারণে অনেক পরিবার ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন সময়ে খাদ্য সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

