জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিন সার ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুন্নাহার পপি।
অভিযান চলাকালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পাওয়ায় জাফর কৃষি ভান্ডারের ডিলার মো. সোহেল রানা, বিসমিল্লাহ কৃষি ভান্ডারের ডিলার হাজী চান মিয়া এবং বসন্ত বীজ ভান্ডারের ডিলার বিনয় কুমারকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে বিভিন্ন ধরনের রাসায়নিক সার সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। প্রতি বস্তা ইউরিয়া সারের সরকারি মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও তা ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত, ডিএপি সার ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১ হাজার ৬০০ টাকা, পটাশ সার ১ হাজার টাকার স্থলে ১ হাজার ৫০ টাকা এবং টিএসপি সার ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে সর্বোচ্চ ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, যথাযথভাবে মজুত সংরক্ষণ এবং কৃষকদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন্নাহার পপি বলেন, “সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

