ঢাকাFriday , 4 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেল ৬৪ লাখ টাকার সহায়তা

News Admin
September 4, 2026 1:45 pm
Link Copied!

৫১

 

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:


মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের মাঝে ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ১২টি নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং চারজন আহত ব্যক্তিকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর ট্রাস্টি বোর্ডের সচিব ও পরিচালক (যুগ্ম সচিব) রুবাইয়াত-ই-আশিক।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) কাজী নাহিদ ইভা, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রুবাইয়াত-ই-আশিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহত বা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণকারী ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং সাধারণ আহত ব্যক্তিকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তিনি জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তি বা নিহতের পরিবারের সদস্যদের দুর্ঘটনার তিন মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএ কার্যালয়ে আবেদন করতে হবে।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাদকসেবীদের কোনোভাবেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

চেক গ্রহণের পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।