জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বিরোধের জেরে জান্নাত আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আক্তার ওই এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে এবং আব্দুর রাজ্জাক মডেল হাইস্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয়। পরে জান্নাতের মা অপর সন্তানকে স্কুলে পৌঁছে দিতে বাড়ি থেকে বের হলে কিছু সময়ের মধ্যে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

