বিশ্বজিৎ চন্দ্র সরকার,গোপালগঞ্জ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের ছোটডুমরিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী নবম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় ভাদ্র মাসে নিমাই চাঁদ মণ্ডলের বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিন দিন ও তিন রাতব্যাপী এ মহানামযজ্ঞে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তের সমাগম ঘটে। আয়োজকদের ধারণা, এবারের অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার ভক্তের আগমন হয়েছে। আগত ভক্তদের জন্য চার দিন পর্যন্ত অন্নপ্রসাদের (খিচুড়ি) ব্যবস্থা রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিমাই চাঁদ মণ্ডল ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তাঁর মৃত্যুর পর গত নয় বছর ধরে তাঁর ছেলে মোহন লাল মণ্ডল (নীহার) এ মহানামযজ্ঞের আয়োজন ও পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন।
মহানামযজ্ঞকে কেন্দ্র করে প্রতিবছর সেখানে বসে বিশাল মেলাও। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মেলায় বিভিন্ন ধরনের দোকান ও সামগ্রীর সমারোহ দেখা যায়।
আয়োজক কমিটির পরিচালক মোহন লাল মণ্ডল (নীহার) জানান, অনুষ্ঠান শুরুর পর থেকে প্রতিবছর টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের সরকারি তহবিল থেকে দুই টন চাল সহায়তা হিসেবে দেওয়া হতো। তবে গত দুই বছর ধরে তারা কোনো সরকারি সহযোগিতা পাননি বলে দাবি করেন তিনি। এতে বড় পরিসরের এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আয়োজকেরা আর্থিক চাপের মধ্যে পড়ছেন বলেও জানান তিনি।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সরকারি সহযোগিতা না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, হাজার হাজার ভক্তের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা, ছয়টি কীর্তন দলের আয়োজনসহ পুরো অনুষ্ঠান পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজন হয়। প্রতিবছরের মতো সরকারি সহায়তার ব্যবস্থা করা হলে অনুষ্ঠানটি আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে বলে তাঁরা মনে করেন।
তিন দিন ও তিন রাতব্যাপী এ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক কমিটি ও গ্রুপ গঠন করে তাঁদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা মূল কমিটির সভাপতি শ্রী আনন্দ গিরি মহারাজ, প্রদীপ কুমার বিশ্বাস, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এনপিএসের গোপালগঞ্জ জেলা সভাপতি ও সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার, মৃণাল কান্তি ঢালী এবং উপদেষ্টা সভাপতি ও টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রী অসীম কুমার বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কর্মকর্তা-কর্মী এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবছর ভাদ্র মাসে টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের ছোটডুমরিয়া গ্রামে ধারাবাহিকভাবে এ মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে।

