ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেল, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএসপির ক্ষোভ

News Admin
September 21, 2026 11:49 am
Link Copied!

৫০

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, চাকরিচ্যুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মহসীন চৌধুরী বলেন, একদিকে মূল্যবৃদ্ধির চাপ, অন্যদিকে কর্মসংস্থান সংকুচিত করে বিপুলসংখ্যক মানুষকে বেকার করার পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিচ্যুত প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীর বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানান তিনি।

কাজী মহসীন চৌধুরী বলেন, যোগ্য ও নিরপরাধ চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং তাদের ন্যায্য বকেয়া পরিশোধের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মতিঝিলে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগেরও প্রতিবাদ জানায় বিএসপি। দলটির ভাষ্য, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত। হামলার সঙ্গে জড়িতদের পরিচয় বা প্রভাব বিবেচনা না করে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এদিকে কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক হত্যা, ধর্ষণ, অপহরণ, সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএসপি। অপ্রতিম হত্যা মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এবং আদালতের আদেশে তাদের মধ্যে দুই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিএসপি বলেছে, অপরাধীরা প্রকাশ্যে অপরাধ করার সুযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ এবং তাদের জীবিকা সুরক্ষারও দাবি জানিয়েছে দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি, অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ ও হত্যার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর থেকে দেশে নতুন নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। আগের দামের তুলনায় চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে।

বিএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের নীরবতাকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। জনদুর্ভোগের অবসান ও জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণ তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিএসপি জানিয়েছে, জনগণের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে গড়িমসি বা অবহেলা গ্রহণযোগ্য নয়। ন্যায্য দাবি বাস্তবায়নে দলটি গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে এবং প্রয়োজনে বৃহত্তর গণসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করবে।

প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিএসপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।