ঢাকাSaturday , 10 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে

Shahjahan Bashar
October 10, 2026 6:09 am
Link Copied!

৪৪

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক তদন্তে অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ওই শিক্ষার্থীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর নিহতের ব্যবহৃত আইফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে তাজমিন। ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৩০০ টাকা। পরে চালক সুমন তাকে নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর তাজমিনের হ্যান্ডব্যাগ থেকে আইফোন নিয়ে ব্যাগটি ধানখেতে ফেলে রেখে পালিয়ে যান সুমন। পরে কাচিকাটা মসজিদের সামনে একটি পুকুরে গোসল করেন তিনি। সেখান থেকে অন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় বাখরাবাদ এলাকায় যান। ওই এলাকার একটি পুকুরপাড়ের জঙ্গলে আইফোনটি লুকিয়ে রেখে পরে চট্টগ্রামে চলে যান বলে জানিয়েছে পুলিশ।

তদন্তের একপর্যায়ে গত ৯ অক্টোবর চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে নিহতের আইফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে আর বিদ্যালয়ে যাচ্ছিল না।

তাজমিনের বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত। তিনি পরিবার নিয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।