আগামী ১০ বছরের মধ্যে মানুষের হতাশা ও মানসিক যন্ত্রণা বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড রহমাতুল্লিল আলামীন জামে মসজিদের খতিব শাইখ ড. সাইফুল আজম বাবর আল-আজহারী। তাঁর মতে, হতাশা থেকে আ*ত্মহ*ত্যার প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে মা*দক ব্যবসা, খাদ্যে ভেজাল এবং সমাজে নানা ধরনের অবক্ষয়ও বাড়ার আশঙ্কা রয়েছে।
শাইখ ড. সাইফুল আজম বাবর আল-আজহারী বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে মানুষ একে অপরের সঙ্গে ক্রমেই বেশি সংযুক্ত হলেও বাড়ছে একাকিত্ব ও তীব্র বিষণ্নতা। অভিভাবকদের মধ্যে হতাশা বাড়ছে, তরুণদের একটি অংশ ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। হতাশার কারণে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যেও আ*ত্মহ*ত্যার প্রবণতা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, মানুষের মধ্যে আত্মচেতনা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে নবী-রাসুল এবং অলি-আউলিয়াদের শিক্ষা গ্রহণের পাশাপাশি ইসলামের নৈতিক আদর্শ ও সুফিবাদের চর্চা প্রয়োজন।
সুশাসন প্রসঙ্গে তিনি বলেন, ভালো শাসক চাইলে আগে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আবার রাষ্ট্রের শাসক ভালো হলে মানুষও ভালো পথে চলতে উৎসাহিত হবে। এ জন্য সরকারকে সহযোগিতা করার পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নৈতিক দায়িত্ব পালন করা জরুরি।
শাইখ সাইফুল আজম বাবর আরও বলেন, মহান আল্লাহ তাআলা মানুষকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ও ঐশ্বরিক বিধান দিয়েছেন। মানুষ যখন সেই স্বাভাবিক ও ঐশ্বরিক বিধান থেকে দূরে সরে যায়, তখন আধুনিক সমাজে নানা ধরনের অবক্ষয় ও বিপর্যয় দেখা দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিলাতলা দরবার শরিফের পীর মুফতি খাজা বাকীবিল্লাহ আল-আযহারী। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি শাইখ ড. সাইফুল আজম বাবর আল-আজহারীকে দরবারের ভক্ত-আশেকানদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করেন সময় মো. সাইফুল ইসলাম, এসময় দরবারের ভক্ত- আশেকানরা উপস্থিত ছিলেন।

