সিলেট প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সাংবাদিক সংস্থা, সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরোপ্রধান তপন কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা, সিলেট বিভাগের সভাপতি আজিজুর রহমান (জয়নাল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে তপন কুমার সাহা বলেন, মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন সাংবাদিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয় সাংবাদিক সংস্থাকে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। তাঁর অবদান সাংবাদিক সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনায় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করেন। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত স্বার্থ রক্ষায় তাঁর অবদান সংগঠনের নেতাকর্মীসহ সাংবাদিক সমাজের কাছে বিশেষভাবে স্মরণীয়।
স্মরণসভায় মরহুমের জীবন, কর্ম ও সাংবাদিকতা ক্ষেত্রে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

