কুমিল্লা প্রতিনিধি: কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিজ নিজ এলাকায় চাঁদাবাজি, মারামারি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০), চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদ (২৩) এবং মনোহরগঞ্জ থানা এলাকার ‘PX 10’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।
পুলিশ জানায়, জিসান কুমিল্লা কোতোয়ালি থানার তেলিকোনা, গোবিন্দ পুকুরপাড় এলাকার জিলানীর ছেলে। সাইফুল ইসলাম একই থানার আড়াইওড়া, সমিতিপাড়া এলাকার আবদুল কুদ্দুস ও রুবি বেগমের ছেলে।
চৌদ্দগ্রামের নলিশ্বর, খিরনশাল এলাকার আবদুল মালেক ও কাহিনুর আক্তারের ছেলে মো. তারেক হোসেন সৈকত। পুলিশের দেওয়া তথ্যে তাকে একটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য হিসেবেও উল্লেখ করা হয়েছে। একই থানার কোমারডোগা মধ্যমপাড়া এলাকার মো. আলী ও জোস্না বেগমের ছেলে মো. জাফর আহমদ।
অন্যদিকে, মনোহরগঞ্জ থানার পোমগাঁও মধ্যপাড়া এলাকার তবু মিয়া ও শিউলি বেগমের ছেলে মো. শাকিব (১৭)।
জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে এ অভিযান চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং অপরাধ দমনে কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

