ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Shahjahan Bashar
October 29, 2026 6:27 am
Link Copied!

৩০

মোঃ শাহজাহান বাশার
মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের মামলা দ্রুত তদন্ত ও নিষ্পত্তি এবং অপরাধীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ সায়েদুর রহমান।

সভায় তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। এসব অপরাধের সঙ্গে জড়িত গডফাদারদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অতিরিক্ত আইজি বলেন, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

সভায় ডাকাতির মামলা যথাযথভাবে রেকর্ড করা এবং দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারকির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এসব মামলায় বিচারে দণ্ডাদেশের হার বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অন্যান্য মামলার নিষ্পত্তির হার বাড়ানোরও নির্দেশ দেন তিনি।

অতিরিক্ত আইজি আরও বলেন, সমাজে ইতিবাচক ভাবমূর্তির অধিকারী ব্যক্তিদের সম্পৃক্ত করে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এর মাধ্যমে পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা ও পারস্পরিক আস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্প্রতি সমাপ্ত শারদীয় দুর্গাপূজা নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান মোঃ সায়েদুর রহমান। এ সময় তিনি আইজিপির পক্ষ থেকেও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলিসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণের মামলা, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজা হওয়ার হার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।