ঢাকাSunday , 22 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

Shahjahan Bashar
November 22, 2026 6:36 am
Link Copied!

৫৯

মোহাম্মদ হোসাইন ,টেকনাফ, (কক্সবাজার) ।

কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বটতলী থেকে পর্যটনপাড়া হয়ে আদর্শগ্রাম এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান পরিবহনের তথ্য পেয়ে পাঁচটি চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।

অটোরিকশায় বহন করা মালামাল সম্পর্কে চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সেগুলো সামনের মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের বলে জানায়। পরে মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহলদল শটগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি সেটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান।

পরে দুটি অটোরিকশা ও মোটরসাইকেলটি জব্দ করে ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে যানবাহনগুলো তল্লাশি করে বস্তা, প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ৯.৯৬ মিলিমিটার ক্যালিবারের ২৫৪ রাউন্ড গুলি, বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি টুল বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স। এ ছাড়া ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন দানার বিস্ফোরক দ্রব্য, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল এবং ৩ কেজি পেরেক উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।

বিজিবি জানায়, আটক দুজন, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম এবং জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।