ঢাকাTuesday , 10 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী চার শিক্ষার্থী আইসিইউতে, আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত

Shahjahan Bashar
November 10, 2026 6:51 am
Link Copied!

৭৭

মোঃ শাহজাহান বাশার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা যায়, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুন লাগার পর দ্রুত ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ওই সময় কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। ঘন ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালিতে আঘাতজনিত সমস্যায় একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৬৩ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের অনেকের শরীরে দগ্ধ হওয়ার লক্ষণ রয়েছে। কয়েকজনের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন জানান, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের চেয়ে ছড়িয়ে পড়া ধোঁয়ায় শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভবনের অগ্নিনিরাপত্তাব্যবস্থা এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।