মোঃ শাহজাহান বাশার
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার বিপুল পরিমাণ নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে মানুষের আবেগ, অভিযোগ ও ব্যক্তিগত আকাঙ্ক্ষায় ভরা এক বস্তা চিঠি ও চিরকুট। এসব লেখায় উঠে এসেছে প্রেমের আকুতি, বিদেশ যাওয়ার নামে প্রতারণার বিচার, পারিবারিক বিরোধ, রোগমুক্তি এবং ব্যক্তিগত সৌন্দর্য নিয়ে নানা প্রার্থনা।
শনিবার (২১ নভেম্বর) দীর্ঘ বিরতির পর মসজিদটির ১৫টি দানসিন্দুক খোলা হয়। সেখান থেকে পাওয়া যায় ৫১ বস্তা নগদ অর্থ। অর্থের পাশাপাশি উদ্ধার হওয়া চিঠি ও চিরকুটগুলোও উপস্থিত ব্যক্তিদের মধ্যে কৌতূহল তৈরি করে। টাকা গণনার আগে চিঠি ও স্বর্ণালংকার আলাদা করার কাজ করা হয়।
প্রাপ্ত চিরকুটগুলোর একটিতে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছে। প্রতারণার শিকার ওই ব্যক্তি দালালদের বিরুদ্ধে বিচার চাওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসনব্যবস্থা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। ভবিষ্যতে যেন অন্য কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়েও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন তিনি। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন একজন প্রতারিত বিদেশগামী হিসেবে।
অন্যদিকে, একটি চিরকুটে স্বর্ণা নামের এক তরুণীর প্রতি গভীর ভালোবাসার কথা প্রকাশ করেছেন এক ব্যক্তি। প্রিয় মানুষটির মনে নিজের জন্য একটু জায়গা চেয়ে তিনি লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ চিঠির শেষাংশে আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা পাওয়ার জন্য প্রার্থনাও করেছেন ওই প্রেমিক।
এ ছাড়া একটি দীর্ঘ চিঠিতে পারিবারিক বিরোধ ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে ধরেছেন এক ব্যক্তি। তার দাবি, শ্বশুরবাড়ির সদস্যদের কারণে তিনি নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০ মাস বয়সী শিশুকে নির্যাতন, স্ত্রীর বিরুদ্ধে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে যাওয়া এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নেওয়ার অভিযোগও করেছেন তিনি। সব মিলিয়ে তার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার বিচার ও হারানো সম্পদ ফিরে পাওয়ার আশায় তিনি দানবাক্সে চিঠি রেখেছেন।
চিঠিগুলোর মধ্যে আরও রয়েছে নানা ধরনের ব্যক্তিগত প্রার্থনা। কেউ চেয়েছেন জটিল রোগ থেকে মুক্তি, কেউ প্রিয় মানুষকে ফিরে পেতে চান। আবার কেউ নিজের চেহারা সুন্দর করা কিংবা শারীরিকভাবে চিকন হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এমনকি পছন্দের ব্যক্তিকে রাষ্ট্রীয় নেতৃত্বে দেখার ইচ্ছাও উঠে এসেছে কোনো কোনো চিরকুটে।
এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দানবাক্স দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে আরও দুটি বাক্স স্থাপন করা হয়েছে। ফলে দানবাক্সের সংখ্যা ১৩ থেকে বেড়ে ১৫টিতে দাঁড়িয়েছে।
তিনি জানান, দানবাক্সে বিভিন্ন ধরনের চিঠি ও চিরকুট রাখার কারণে অর্থ গণনার সময় অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। এ ধরনের অপ্রাসঙ্গিক চিঠি না রাখার জন্য বারবার অনুরোধ করা হলেও অনেকেই তা করছেন না। এতে গণনার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া অর্থের পরিমাণ যেমন মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তেমনি চিঠিগুলোও সামনে নিয়ে আসে সমাজের নানা বাস্তবতা। কারও কাছে এটি ভালোবাসা পাওয়ার আকুতি, কারও কাছে প্রতারণার বিচারের আবেদন, আবার কারও কাছে জীবনের দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাওয়ার শেষ ভরসা। এক বস্তা চিঠিতে যেন ধরা পড়েছে মানুষের বিচিত্র আশা, স্বপ্ন ও না-বলা গল্প।

