হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজিয়া পারভেজ টুটুল গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেলে বিষ্ণুপুরের ব্যস্ততম চৌমুহনী বাজারে এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়। এ সময় তিনি স্থানীয় দোকানদার, বাজারে আসা ক্রেতা-বিক্রেতা এবং পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
ভোটারদের উদ্দেশে সিরাজিয়া পারভেজ টুটুল বলেন, “জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারলে বিষ্ণুপুর ইউনিয়নকে একটি উন্নয়নমুখী, সমবণ্টনভিত্তিক, জবাবদিহিমূলক এবং সর্বজনীন মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তর করব। দিনের প্রথম পর্বের গণসংযোগে তাঁর সঙ্গে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বিকেলের পর প্রচারণার পরিধি আরও বাড়ানো হয়। সন্ধ্যার দিকে তিনি ইউনিয়নের শ্রীধরকাঠি মোড়, বেজুয়ার মোড়, হোগলার মোড়, পারুলগাছা আনছারের মোড়, হাজীর মোড় এবং চাঁচাই মাঠ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসব এলাকার বিভিন্ন জনবহুল পয়েন্টে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়।

