হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ময়মনসিংহ।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদক নির্মূল, যানজট নিরসন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন।
ইউএনও ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নান্দাইলকে যানজটমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অনুমোদনহীন ও অবৈধ ওষুধের ফার্মেসির বিরুদ্ধে অভিযান এবং সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে আগামী মাস থেকে কমিটির সব সদস্যের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ইউএনও।
উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করে ফয়সাল আহমেদ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক স্বস্তি ফেরাতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। তবে এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”
আলোচনায় অংশ নিয়ে বক্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান। সভায় রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মিজানুর রহমান লিটন, পল্লব রায় ও হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইনামুল হক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও আলম ফরাজিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

