মোঃ সবুজ হোসেন, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিখোঁজ হওয়ার পর শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার নগরডালা গ্রামের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানিয়েছে, প্রেমের টানে তারা বাড়ি ছেড়ে বের হয়েছিল।
উদ্ধার হওয়া কিশোরীরা হলো : শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মো. আমির মন্ডলের মেয়ে মনিজা খাতুন (১৫), রমজান আলীর মেয়ে সানজিদা (১৩) এবং মুনজিল হকের মেয়ে ফাতেমা (১৩)। তারা স্থানীয় মশিপুর মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তিন কিশোরী। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন অভিভাবকরা শাহজাদপুর থানায় যোগাযোগ করেন। এ ঘটনায় থানায় পৃথক তিনটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেন শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদুল হক। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীদের অবস্থান শনাক্ত করা হয়।
পরবর্তী সময়ে উপজেলার নগরডালা গ্রামের সানজিদার কথিত প্রেমিক রাব্বির নানা মো. রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিন কিশোরীই প্রেমের সম্পর্কের কারণে বাড়ি থেকে বের হওয়ার কথা স্বীকার করেছে বলে জানানো হয়। তাদের পরিকল্পনা ছিল, ২৭ নভেম্বর প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা গন্তব্যে পাড়ি জমানোর। তবে জিজ্ঞাসাবাদে তারা কথিত প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা জানে না বলেও জানিয়েছে।
উদ্ধারের পর নিখোঁজ সংক্রান্ত জিডির ভিত্তিতে তিন কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
শাহজাদপুর থানা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও দ্রুত তদন্তের মাধ্যমে কিশোরীদের সম্ভাব্য বিপদ থেকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

