ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-মাদকমুক্ত যুবসমাজ গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান, আলোচনা সভায় সভাপতিত্ব করলেন অ্যাডভোকেট হাবিবুল হক

Shahjahan Bashar
November 4, 2026 4:10 am
Link Copied!

১২৫

মোঃ শাহজাহান বাশার
জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘মাদকমুক্ত যুবসমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাবিবুল হক, অ্যাডভোকেট, জজকোর্ট, ঢাকা। তিনি নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি এবং সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা।

অনুষ্ঠানে মাদকমুক্ত যুবসমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিলদার বখত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউলদৌলা চৌধুরী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ ইসরাইল হাওলাদার, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক খাবিরা আখতার পারভিন, জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, কবি শিহাব রিফাত আলম, স্বপন আহমেদ, সাংবাদিক মিলন মল্লিক, শেখ মোঃ শাহ কামাল (শ্যামল)সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল আইন অঙ্গনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নৈতিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে বিশেষ সম্মাননায় ভূষিত করা। তাঁর এ সম্মাননা আইন অঙ্গনে মাদকবিরোধী সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে পরিচালিত করে। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা, পারিবারিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটাতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করাই আমাদের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, আইন অঙ্গনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নৈতিক অবস্থান বজায় রাখা অত্যন্ত জরুরি। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন ও সার্ক হিউম্যান রাইটস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে সুস্থ, মানবিক ও সৃজনশীল বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।