মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে সেরিব্রাল পালসি দিবস ২০২৬ উপলক্ষে সিএসএফ গ্লোবালের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, তাদের অভিভাবক, দেশি-বিদেশি অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সিএসএফ গ্লোবালের নির্বাহী সদস্য মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং শাহজাদপুরের এমপি ড. এম এ মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ রেজাউল ইসলাম রাজা, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সংসদ সদস্য ড. এম এ মুহিত, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিশুরা কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর। এ সময় শিশুদের অভিভাবক এবং বিদেশ থেকে আগত অতিথিরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. এম এ মুহিত উপস্থিত সবাইকে, বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, তাদের অভিভাবক এবং বিদেশ থেকে আগত অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে সরকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী শিশুদের অধিকার সুরক্ষা ও সাধারণ মানুষের মতো সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। প্রাথমিক পর্যায়ে শাহজাদপুরসহ দেশের ২২টি উপজেলায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
তিনি আবারও বলেন, সিএসএফ গ্লোবাল দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তবে এ উদ্যোগ শিশু সহ দেশের সব বয়সের প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আরও বিস্তৃত করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষের মতো প্রতিবন্ধী ব্যক্তিরাও সমান অধিকার ও সুযোগ-সুবিধা পাওয়ার দাবিদার। তাদের অবহেলা নয়, বরং যথাযথ সহায়তা, সম্মান ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সব ক্ষেত্রে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

