মোঃ সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হালিমুল হক মিরুকে গ্রেফতারের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর নলুয়া ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গেলে স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের কাজে বাধা দেন। এ সময় ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বাধার মুখে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার পর নলুয়া ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ পরিস্থিতিতে শনিবার বিকেলে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে নলুয়া ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরুকে গ্রেফতারের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার পর গত ২৪ ঘণ্টায় শাহজাদপুর থানা পুলিশের পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান। তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে জানমালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
অন্যদিকে, পুলিশের অভিযানকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, এমন নিরপরাধ ব্যক্তিকে যেন গ্রেফতার বা হয়রানি করা না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
মিরুকে গ্রেফতারের চেষ্টায় এলাকাবাসীর বাধা এবং পরবর্তী সময়ে পুলিশের সাঁড়াশি অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। এ পরিস্থিতিতে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

