ঢাকাTuesday , 28 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গুজবে নির্ঘুম রাত কেটেছে সাভারবাসীর

News Admin
July 28, 2026 6:53 am
Link Copied!

৬৪

সাভার প্রতিনিধিঃ রাতভর ছড়ানো এক গুজবে নির্ঘুম রাত কেটেছে ঢাকার সাভারের বাসিন্দাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে সাভারে তথাকথিত ‘জঙ্গি হামলা ও বিস্ফোরণে মানুষ দিশেহারা’ এমন তথ্য ও ভিডিও ছড়িয়ে দিয়ে ভীতি সৃষ্টি করা হয়। তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত গত ১১ জুনের খুলনার সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের পুরোনো ফুটেজ। সেই ফুটেজকে বিকৃত তথ্যে সাভারের ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত থেকে ফেসবুকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর আইডি থেকে এই ভুয়া তথ্যের প্রচারণা চালানো হয়। এছাড়া একাধিক পেজ থেকেও একটি অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করে সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়ানোর চেষ্টা করা হয়।

এসব পোস্টে দাবি করা হচ্ছিল—সাভারে জঙ্গি হামলা চলছে ও মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে। সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কামরুজ্জামান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদসহ খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নামের ফেসবুক পেজ থেকে একই ধরনের ক্যাপশন সংবলিত ভিডিও ক্লিপ পোস্ট করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়ার পর গভীর রাতে সাভারের রাজপথে দেখা যায় ভিন্ন চিত্র। শাহিন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ফেসবুকে একের পর এক পোস্ট আর ভিডিও দেখে আতঙ্কে বাইরে বেরিয়ে আসি। কিন্তু পুরো এলাকা ঘুরে ও সবার কাছে খোঁজ নিয়ে নিশ্চিত হলাম—এখানে বাস্তবে কিছুই ঘটেনি। পরিস্থিতি একদম স্বাভাবিক ছিল। পুরোনো একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে সাধারণ মানুষকে অনর্থক বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে।

নাইম নামের আরেকজন স্থানীয় ব্যবসায়ী বলেন, সামাজিক মাধ্যমে জঙ্গি হামলার খবরটি দেখে আমি নিজে সরেজমিনে দেখতে আসি। এসে দেখি কোথাও কোনো হামলা বা বিস্ফোরণের চিহ্নও নেই, ব্যবসা-বাণিজ্য ও মানুষের চলাচল পুরোপুরি স্বাভাবিক। এটি মূলত গত ১১ জুনের খুলনার সিটি হাসপাতালের আগুনের ঘটনার পুরোনো ফুটেজ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল ভুয়া খবর ছড়িয়ে রাতভর সাভারবাসীকে আতঙ্কের মধ্যে রেখেছে।

বিষয়টির সত্যতার ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর বলেন, গতকাল রাতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটেনি। বিস্ফোরণের কোনো তথ্যও আমাদের কাছে আসেনি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, সাভারে এমন কোনো জঙ্গি হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ইন্টারনেটে ছড়ানো খবরটি শতভাগ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব। জনমনে অহেতুক আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতেই রাতভর এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।