ঢাকাWednesday , 26 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলা

Link Copied!

৫৮

‎কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

‎হামলার শিকার সাংবাদিকরা হলেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফ।ভুক্তভোগী সাংবাদিক তানভীর দীপু জানান, বুধবার দুপুরে তারা লালমাই এলাকায় সংবাদ সংগ্রহে যাচ্ছিলেন। পদুয়ার বাজার মোড়ে তীব্র যানজট থাকায় উত্তর রামপুর বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়ক দিয়ে কুমিল্লা, নোয়াখালী মহাসড়কে ওঠার চেষ্টা করেন। সেখানে স্থানীয়দের বসানো একটি লোহার ব্যারিকেডের কারণে কয়েকটি যানবাহন আটকে পড়ে এবং যানজটের সৃষ্টি হয়।

তিনি বলেন, যানজট নিরসনের জন্য তিনি ব্যারিকেডটি সামান্য উঁচু করে একে একে গাড়ি পার হতে সহযোগিতা করছিলেন। এ সময় স্থানীয় শাওন নামে এক যুবক এসে কেন যানজট নিরসন করা হচ্ছে তা নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই যুবক তাকে ধাক্কা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহকর্মী আবদুল্লাহ আল মারুফ এগিয়ে এসে দুজনকে আলাদা করেন। তানভীর দীপুর অভিযোগ, কিছুক্ষণ পর স্থানীয় লোকজন শাওনকে সরিয়ে নিলেও সে হাতে লোহার রড নিয়ে ফিরে আসে এবং পেছন দিক থেকে অতর্কিত হামলা চালায়। বাধা দিতে গেলে মারুফ ও তিনিও হামলার শিকার হন। আবদুল্লাহ আল মারুফ বলেন, আমরা বুঝতেই পারিনি সে কেন হামলা করল। লোহার ব্যারিকেড সরিয়ে যানজট কমানোর চেষ্টা করাতেই হয়তো সে ক্ষুব্ধ হয়ে আমাদের ওপর হামলা করেছে।”

প্রত্যক্ষদর্শী সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বলেন, পুরো ঘটনাটি আমার সামনেই ঘটেছে। সাংবাদিক পরিচয় জানার পর অভিযুক্ত আরও উগ্র হয়ে ওঠে এবং হঠাৎ পেছন থেকে সহকর্মীদের ওপর হামলা চালায়। সংবাদকর্মীদের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম। সংগঠনের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হুমকি বা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে কুমিল্লা প্রেস ক্লাবও। সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, সাংবাদিকদের ওপর এ হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।